Beschrijving
অণুগান: এইটুকুনি ছিলি তুই
পরশমণির জন্মদিন ছিল আজ। কেন জানি আজ খুব মায়া হচ্ছিল ওর জন্য। কেমন করে বড় হয়ে যাচ্ছে। যতটুকু সময় ওকে দেওয়া দরকার, যতটা আদর এমন আদুরে একটা বাচ্চার প্রাপ্য, সেটা দিতে পারছি কিনা জানি না। আমরা নিজেরাই এমন একটা ঝড়ের ভেতর দিয়ে যাচ্ছি, ওর দিকে মনোযোগ দিতে পারছি না।
মনে হচ্ছিল, ও যদি এই বয়সটায় আরও কটা দিন বেশি থাকত, আরও আদর দিতে পারতাম যদি! এখন তো বুঝে গেছি এই সময়টা কত দ্রুত চলে যায়। বুঝে ওঠার আগেই আমিও তো দূরে চলে এসেছি, পুরোপুরি আর ফেরা হয়নি মায়ের কাছে। অনেক কথা ভেবে চোখ ভিজে উঠছিল।
অফিস যাওয়ার পথে গাড়ি চালাতে চালাতে মনে মনে গানের মতন কয়েক কলি লিখেছিলাম, ওর জন্মদিনের কথা ভেবে।
অণুগান: এইটুকুনি ছিলি তুই
কথা, সুর: চমক হাসান
______________________________________________
এইটুকুনি ছিলি তুই, এইতো কদিন আগে
কোথায় গেল ছোট্ট মুখটা, ভাবতে অবাক লাগে!
বুঝি না তোর বড় হওয়ার এত কেন তাড়া!
বড় হওয়ার উলটো পিঠেই দূরত্বের ইশারা
তবু একদিন আকাশ ছুঁয়ে দিবি, সেই প্রার্থনা
নীরোগ, নিটোল, হাসিখুশি রইবি, সেই কামনা
স্বপ্ন দেখার সাহস রাখিস, জানিস আমরা আছি
মাগো, অনেক দূরে গেলেও থাকিস প্রাণের কাছাকাছি
______________________________________________