Description
কুষ্টিয়ার বন্ধুদের জন্য এই গান - ‘রেনউইকের বাঁধে’!
কয়েকদিন আগে ছোটবেলার স্কুলের গ্রুপে বন্ধু পল্লব বললো- একটা গান শোনা। ওর কথা শুনে কুষ্টিয়ার অনেক স্মৃতি মনে পড়ল। বিশেষভাবে মনে পড়ছিল রেনউইকের বাঁধে নৌকায় চড়ে গড়াই বেয়ে পদ্মার মোহনায় যাওয়ার স্মৃতিগুলো। সেটুকুই গানে বেঁধে রাখলাম…
রেনউইকের বাঁধে
কথা, সুর : চমক হাসান
বিকালবেলা আসিস বন্ধু রেনউইকের বাঁধে
কি যে ছাই ব্যস্ত জীবন, হাজার কারবারে।
কতকাল হয় না দেখা, নিজের নদীটারে।
এইবার যদি, বসে বসে দেখবো নদী।
সুখ দুঃখের আলাপ হবে কাঁধ রাখিয়া কাঁধে।
শুনেছি, নতুন একটা চর জেগেছে পদ্মার মোহনায়।
গড়াইয়ে নৌকা ভাসায়ে কে কে যাবি আয়।
ফেরার পথে মাঝিরে কবো ইঞ্জিন থামায়ে দাও।
জল শুনি, হাওয়া শুনি, ধীরে চলুক নাও।
তারপর গলা ছেড়ে গাবো নীল দরিয়ার গান।
বন্দী যেমন মনোয়া পাখি, তেমনি এই পরাণ।
নৌকা যখন ভিড়বে ঘাটে, ভানু সে বসিবে পাটে।
আবিরে রাঙা আকাশ, দেখবো মনের সাধে।